
খুলনা মহানগরীর পশ্চিম টুটপাড়া আমতলা মোড় এলাকায় দুর্বৃত্তদের গুলিতে শেখ জুম্মান রহমান বিশাল (২৭) নামে এক যুবক আহত হয়েছেন। এ সময় তাঁর কাছে থাকা একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
রোববার (১৮ অক্টোবর) রাত আনুমানিক ১টা ৫৫ মিনিটে পশ্চিম টুটপাড়া আমতলা মোড় এলাকার একটি মসজিদের সামান্য সামনে এ ঘটনা ঘটে।
আহত বিশাল পশ্চিম টুটপাড়া দারোগা বস্তি এলাকার বাসিন্দা লুৎফর শেখের ছেলে। গুলিবিদ্ধ হওয়ার পর স্বজনেরা তাঁকে উদ্ধার করে রাত আনুমানিক ২টা ৫০ মিনিটে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি হাসপাতালের সার্জারি বিভাগের ৯ ও ১০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়:
ঘটনার সময় বিশাল ওই এলাকায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে করে তিনজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি সেখানে আসে। তাদের সবার মাথায় হেলমেট ও মুখে মাস্ক ছিল। একপর্যায়ে তারা বিশালকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তাঁর বাম পায়ের ঊরুতে গুলি লাগে। পরে দুর্বৃত্তরা তাঁর কাছে থাকা ভি৭৫ মডেলের একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
ঘটনার পেছনে কী কারণ রয়েছে তা এখনো জানা যায়নি। তবে পুলিশ ও অন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিভিন্ন মাধ্যমে তা উদঘাটনের চেষ্টা করছেন।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লোকমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এছাড়া খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সাজ্জাদুর রহমান বলেন, "অপরাধীরা খুব শীঘ্রই আইনের আওতায় আসবে। ঘটনার কারণ উদঘাটনে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকটি টিম কাজ করছে।"